‘দেলোয়ার বাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল’

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০৫ , ০৪:৩৩ পিএম

‘দেলোয়ার বাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল’ ছবি: সিটিজেন নিউজ

গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতনের ঘটনায় দেশজুড়ে আলোচিত নোয়াখালীর বেগমগঞ্জের দেলোয়ার বাহিনী ছিল এলাকার মূর্তিমান আতঙ্ক। এই বাহিনীর সদস্যরা স্থানীয়দের বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে এবং নির্যাতন করে টাকা পয়সা হাতিয়ে নিতো। এমনকি গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরালের এই ঘটনায় তাদের উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে ওই নারীর কাছ থেকে টাকা আদায় করা।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এসব তথ্য জানান।

খন্দকার সাইফুল আলম বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে রাতের অন্ধকারে ঘরে ঢুকে এক নারীকে নির্যাতন ও ভিডিও করার ঘটনার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বেগমগঞ্জের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে র‌্যাবের বিশেষ তল্লাশি চলাকালে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময়ে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে পাচঁটার দিকে কামরাঙ্গীচরের ফাঁড়ির গলি এলাকার একটি প্লাস্টিক কারখানা থেকে এই মামলার প্রধান আসামি নুর হোসেন ওরফে বাদলকে গ্রেফতার করা হয়।

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আপনাদের সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই। অনেকেই আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। এই দেলোয়ার স্থানীয় মানুষের কাছে একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার অন্য সহযোগীরা এলাকায় বিভিন্ন সময়ে নারীদের ‍উত্ত্যক্ত করতো। এই দেলোয়ার বাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তারা চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে হুমকি, মাদক ব্যবসা, হুমকি ধমকি দিয়ে টাকা আদায় করতো। ওই রাতে যে নারীকে নির্যাতন করা হয়েছে তাকে নির্যাতনের ঘটনা ভিডিও করে পরে তাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করার পরিকল্পনা ছিল। আমরা প্রাথমিকভাবে যতটুকু জেনেছি তারা প্রত্যেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে স্বীকার করেছে। আমরা বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রেখেছি।

র‌্যাব-১১ এর অধিনায়ক বলেন, গ্রেফতার দুজনের মধ্যে নারী নির্যাতন মামলার প্রধান আসামি নূর হোসেন ওরফে বাদলকে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হবে। আর নারায়ণগঞ্জের চিটাগাং রোড থেকে অস্ত্রসহ গ্রেফতার দেলোয়ারকে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে হস্তান্তর করা হবে।