‘রিফাত হত্যার মাস্টার মাইন্ড ছিলো মিন্নি’

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-৩০ , ০৩:১৯ পিএম

‘রিফাত হত্যার মাস্টার মাইন্ড ছিলো মিন্নি’ ছবি: সিটিজেন নিউজ

রিফাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে এবং এই হত্যার মাস্টার মাইন্ড ছিলো মিন্নি এমনটাই বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুল হক কিসলু।

তিনি আরও বলেন এ মামলায় আদালত পর্যবেক্ষণে জানিয়েছে যে মিন্নি ছাড়া এই হত্যাকাণ্ড ঘটতো না। এবং মিন্নি নয়ন বন্ডসহ অন্যান্য আসামিদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হত্যার একমাত্র পরিকল্পনা ছিল মিন্নির। মিন্নির কারণেই তার পরিকল্পনায় অন্যরা যুক্ত হয়েছে। মিন্নি ষড়যন্ত্র না করলে এই অপরাধীরা হত্যাকাণ্ডে জড়িত হত না।

বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার মামলার রায় ঘোষণা করেন। আদালত মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর এলাকা ত্যাগ করে তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিনই মারা যান।